সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নামে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "এদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামীলীগ। তারা ফিরবে, এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।"
এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাই করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং দলটির মিডিয়া সেলের বিভিন্ন পোস্ট, বিবৃতি ও সংবাদ বিজ্ঞপ্তি পর্যালোচনা করা হয়। কোথাও তার নামে এমন কোনো বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে অনুসন্ধান চালিয়েও মির্জা ফখরুলের নামে উক্ত মন্তব্যের কোনো সংবাদ, সাক্ষাৎকার, বিবৃতি বা বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও দেখা যায়, তার নামে প্রচারিত এই ফটোকার্ড নতুন নয়। একই বক্তব্যসংবলিত ফটোকার্ড অন্তত ২০২৬ সালের এপ্রিল মাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়ে আসছে। তবে দীর্ঘ সময় ধরে প্রচারিত হলেও এর পক্ষে কোনো গ্রহণযোগ্য উৎস, ভিডিও, সংবাদ প্রতিবেদন বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সুতরাং, "এদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামীলীগ। তারা ফিরবে, এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে" এমন মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বলে যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। তার নামে প্রচারিত ফটোকার্ডটি বিভ্রান্তিকর এবং এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।