ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পর্তুগাল। সেই সঙ্গে শেষ হয় পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো নিজেই নিশ্চিত করেন, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।
এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটিতে রাতের আকাশে ড্রোন শোর মাধ্যমে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ (Siu) উদযাপনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়।
ভিডিওটি প্রচার করে দাবি করা হয়, বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলার পর পর্তুগাল কিংবা রোনালদোর জন্মস্থান মাদেইরায় ড্রোন শোর মাধ্যমে তাকে বিদায় ও সম্মান জানানো হয়েছে। একই দাবি প্রচার করেছে দৈনিক ইত্তেফাক, দ্য নিউজ এবং ঢাকা টুডেসহ একাধিক সংবাদমাধ্যম।
তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। রোনালদোকে ড্রোন শোর মাধ্যমে বিদায় বা সম্মান জানানোর এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
দাবিটি যাচাই করতে প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম, পর্তুগিজ ফুটবল ফেডারেশন কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে এ ধরনের ড্রোন শোর তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটির উৎস অনুসন্ধান করে ইনস্টাগ্রামে "Seihan Aifilms" নামের একটি অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। সেখানে ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, "Cristiano Ronaldo's drone farewell over Madeira"। একই সঙ্গে পোস্টে বলা হয়েছে, "CR7 লিখে কমেন্ট করুন, আমি আপনাকে প্রম্পট পাঠাবো।" এছাড়া পোস্টটিতে PixVerse নামের একটি এআই ভিডিও তৈরির প্ল্যাটফর্মকে ট্যাগ করা হয়েছে, যা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি হওয়ার স্পষ্ট ইঙ্গিত দেয়।
শুধু এই ভিডিওই নয়, ওই অ্যাকাউন্টে একই ধরনের আরও অনেক ড্রোন শো-ভিত্তিক এআই ভিডিও পাওয়া যায়। পাশাপাশি অ্যাকাউন্টটির নাম ও বায়োতেও "AI Creator" উল্লেখ রয়েছে, যা ভিডিওগুলোর এআই-নির্ভর হওয়ার বিষয়টি আরও নিশ্চিত করে।
অতএব, বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলার পর ড্রোন শোর মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিদায় বা সম্মান জানানোর দাবিতে সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি একটি ভিডিও।