সাভারে এনসিপির সমাবেশে হামলায় আটকরা এনসিপির নয়, যুবলীগের নেতা-কর্মী

M

Mahfuz Hamdan

July 07, 2026 • 09:11 PM

সাভারে এনসিপির সমাবেশে হামলায় আটকরা এনসিপির নয়, যুবলীগের নেতা-কর্মী

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন।

এ দাবির সঙ্গে সাভার মডেল থানার ওসি আকবর আলী খানের নামে একাধিক ফটোকার্ডও প্রচার করা হচ্ছে। ফটোকার্ডগুলোতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুইজনই এনসিপির রাজনীতির সাথে জড়িত/কর্মী।"


এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে


তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ ভুয়া।


গত ৬ জুলাই রাতে সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. সজীব (৩২)।


প্রতিবেদনে আরও বলা হয়, আটক দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন। তাদের মধ্যে নুরুল ইসলাম সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরদিকে সজীব যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ, পুলিশ তাদের এনসিপির কর্মী হিসেবে নয়, বরং যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে শনাক্ত করেছে।


এছাড়া দাবিতে যার বরাত ব্যবহার করা হয়েছে, সেই আকবর আলী খান বর্তমানে সাভার মডেল থানার ওসি নন। অনুসন্ধানে জানা যায়, তিনি ২০২৪ সালের শুরুতে সাভার মডেল থানায় দায়িত্ব পালন করলেও পরবর্তীতে গাজীপুরে বদলি হন।


অন্যদিকে দ্য ডেইলি স্টার-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মে মাসে সাভারে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তৎকালীন সাভার মডেল থানার ওসি আরমান আলীকে প্রত্যাহার করা হয়।


পরবর্তীতে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, বর্তমানে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) নূর মোহাম্মদ।


অতএব, সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আটক দুইজন এনসিপির কর্মী, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে এ দাবির সমর্থনে সাভার মডেল থানার ওসি হিসেবে আকবর আলী খানের নামে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, সেটিও ভুয়া। কারণ তিনি বর্তমানে ওই থানার দায়িত্বে নেই এবং পুলিশও আটক ব্যক্তিদের এনসিপির কর্মী হিসেবে শনাক্ত করেনি।

তথ্যসূত্র (Sources & References)

আরও পড়ুন