সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, "জামায়াতের মেয়র প্রার্থী সেলিমের সিগারেট বিতরণ কর্মসূচি" কিংবা "ঢাকা উত্তরের মেয়র প্রার্থী সেলিম ভাইয়ের ডার্বি সিগারেট বিতরণ কর্মসূচি"। ভিডিওতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে সিগারেটের প্যাকেট সদৃশ একটি বস্তু মানুষের হাতে তুলে দিতে দেখা যায়।
এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওতে বিতরণ করা বস্তুটি কোনো সিগারেটের প্যাকেট নয়; বরং মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে তৈরি বিশেষ একটি লিফলেটের প্যাকেট।
মোহাম্মদ সেলিম উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৯ জুন "মাদককে না বলি" আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে ৪ দিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের আয়োজন শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "এটা দেখতে একটা সিগারেটের প্যাকেট হলেও, আসলে এর ভিতরে তরুণ ও যুবসমাজের জন্য আমার পক্ষ থেকে একটি আহ্বান আছে। এই আহ্বানের মাধ্যমে আমরা তাদের সচেতন করার চেষ্টা করছি।"
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্যাকেটটির ওপর "ভেবে দেখো" লেখা রয়েছে। পরে সেটি খুললে ভেতর থেকে একটি সচেতনতামূলক লিফলেট বের করা হয়, যা মাদকের ক্ষতি সম্পর্কে বার্তা বহন করে।
এছাড়া একই প্রচারণার আরেকটি ভিডিওতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "এখানে একটি লেটার আছে। এই লেটারটা এরকম একটি বক্সে করে দেওয়ার অর্থ হলো একটু দৃষ্টি আকর্ষণ করা, একটু নতুনত্ব।" এরপর তিনি লিফলেটটির পুরো বক্তব্য পড়ে শোনান।
প্রাসঙ্গিক অনুসন্ধানে The Truth Lens আরও একটি ভিডিও খুঁজে পায়, যা "Dr. Mostafa Faisal Parvez" নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশ করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশন ছিল, "সিগারেটের প্যাকেটের মতো এটা কি বিতরণ করলেন ঢাকা উত্তর মেয়রপ্রার্থী জামায়াত নেতা সেলিম উদ্দিন ভাই?" ওই ভিডিওতে প্যাকেটটি খুলে ভেতরের লিফলেট সম্পূর্ণ পড়ে শোনানো হয়, যা স্পষ্টভাবে প্রমাণ করে এটি কোনো সিগারেট নয়, বরং মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণার উপকরণ।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত "জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ডার্বি সিগারেট বিতরণ করেছেন" এমন দাবিটি ভুল। প্রকৃতপক্ষে, সিগারেটের প্যাকেটের আদলে তৈরি ওই প্যাকেটের ভেতরে মাদকবিরোধী সচেতনতামূলক একটি লিফলেট ছিল, যা প্রচারণার অংশ হিসেবে মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।