🤡 স্যাটায়ার (Satire)

মিশর-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে টনি ক্রুসের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া

M

Mahfuz Hamdan

July 09, 2026 • 08:56 PM

🤡 স্যাটায়ার (Satire)
মিশর-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে টনি ক্রুসের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া

চলমান ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ-১৬-এর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারিং এবং ভিএআরের (VAR) কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। সাধারণ সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়, অনেকেই ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিচ্ছেন।


এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াল মাদ্রিদ ও জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুসের নামে একটি দীর্ঘ বক্তব্য প্রচার করা হচ্ছে।


এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে


সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়,

"মানুষ অনবরত রেফারি এবং ভিএআর (VAR) নিয়ে কথা বলছে, কিন্তু আপনি যদি পক্ষপাতহীনভাবে ম্যাচটি দেখেন, তবে বুঝতে পারবেন আর্জেন্টিনার এই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোটা ছিল তাদের খেলার তীব্রতা, গুণগত মান এবং মানসিকতার ফল। শেষ বাঁশি বাজা পর্যন্ত তাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, যেখানে মিশর ম্যাচের প্রথম দিকে দেখানো সেই একই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি।


রেফারিদের সিদ্ধান্ত নিয়ে সবসময়ই বিতর্ক থাকবে এবং এটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচটিকে 'চুরি করা' বলা কিংবা পুরো টুর্নামেন্ট আর্জেন্টিনার হাতে তুলে দেওয়া হচ্ছে, এমন মন্তব্য করা মাঠে থাকা প্রতিটি খেলোয়াড়ের প্রতি অবিচার। খেলোয়াড়রা তাদের পারফরম্যান্স দিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে, কোনো ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে নয়।


পরাজয়ের পর সবচেয়ে কঠিন কাজ হলো এটা মেনে নেওয়া যে, ম্যাচের চূড়ান্ত মুহূর্তগুলোতে প্রতিপক্ষ দল বেশি ভালো খেলেছে। চাপের মুখে আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার জন্য তারা অবশ্যই কৃতিত্ব পাওয়ার যোগ্য, আর মিশরের উচিত তাদের এই পারফরম্যান্স নিয়ে গর্ব করা এবং একই সঙ্গে যেসব ভুলের খেসারত দিতে হয়েছে সেগুলো থেকে শিক্ষা নেওয়া। ফুটবল এমনই।"


তবে দ্য ট্রুথ লেন্স-এর অনুসন্ধানে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। টনি ক্রুসের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা সাক্ষাৎকারে এই মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।


অনুসন্ধানে আরও দেখা যায়, প্রচারিত বক্তব্যটি প্রথম প্রকাশিত হয় এক্স (সাবেক টুইটার)-এর "Sage" নামের একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটিতে নিয়মিত বিভিন্ন বর্তমান ও সাবেক ফুটবলারের নামে কাল্পনিক মন্তব্য ও সাক্ষাৎকার প্রকাশ করা হয়।


এছাড়া অ্যাকাউন্টটির বায়োতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, "satire & parody quotes for entertainment - all fictional not real statement." অর্থাৎ, সেখানে প্রকাশিত সব বক্তব্যই কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক, বাস্তব কোনো উদ্ধৃতি নয়।


অতএব, মিশর-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে টনি ক্রুসের স্টেটমেন্ট দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মন্তব্যটি আসল নয়। এটি একটি প্যারোডি অ্যাকাউন্টে প্রকাশিত কাল্পনিক বক্তব্য, যা পরবর্তীতে টনি ক্রুসের প্রকৃত মন্তব্য হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।