সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের লস্করের সদস্য থাকার দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর

M

Mahfuz Hamdan

June 18, 2026 • 12:06 AM

সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের লস্করের সদস্য থাকার দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “৫ আগস্ট ছিল আর্মি ও জঙ্গিদের বাংলাদেশকে পাকিস্তান বানানোর প্রথম পদক্ষেপ” এবং ভিডিওতে সেনাসদস্যদের সঙ্গে অস্ত্র হাতে দেখা যাওয়া সাধারণ পোশাকের ব্যক্তি পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্করের সদস্য।

এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি বিভ্রান্তিকর।


দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির স্থিরচিত্র (কী-ফ্রেম) নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এর পুরোনো সূত্র পাওয়া যায়। ২০২৪ সালের ১৬ আগস্ট প্রকাশিত দৈনিক ইত্তেফাক-এর “রংপুর জেলা কারাগারে বিদ্রোহ ঠেকাতে কঠোর নিরাপত্তা” শীর্ষক প্রতিবেদনে একই ভিডিওচিত্র পাওয়া যায়। ফলে স্পষ্ট হয় যে ভিডিওটি ৫ আগস্টের কোনো ঘটনার নয়।


পরবর্তীতে প্রাসঙ্গিক কীওয়ার্ড অনুসন্ধানে দেশের একাধিক সংবাদমাধ্যমে ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়া যায়। প্রতিবেদনগুলো অনুযায়ী, ২০২৪ সালের ১৬ আগস্ট রংপুর জেলা কারাগারে দুই বন্দির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা লাঠিচার্জ করলে এক পর্যায়ে একজন বন্দির মৃত্যু হয়। এ ঘটনার জেরে কারাগারের অন্যান্য বন্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে ঘটনাস্থলে ডাকা হয়। পরে তারা কারাগার এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।


অনুসন্ধানে আরও জানা যায়, ভিডিওতে সেনাসদস্যদের সঙ্গে অস্ত্র হাতে দেখা যাওয়া সাধারণ পোশাকের ব্যক্তি কোনো বিদেশি জঙ্গি নন। তিনি রংপুর জেলা কারাগারের কারারক্ষী মো. মিজানুর রহমান। জরুরি পরিস্থিতির খবর পেয়ে তিনি সাধারণ পোশাকেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।


এছাড়া ভিডিওটি নিয়ে ২০২৪ সালের আগস্ট মাসেই সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অপপ্রচার ছড়িয়ে পড়েছিল। সে সময় একাধিক ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম বিষয়টি যাচাই করে দাবি খণ্ডন করেছিল।


সুতরাং, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অস্ত্র হাতে থাকা ব্যক্তিকে পাকিস্তানের লস্কর সদস্য দাবি করে প্রচারিত ভিডিওটি বাস্তব ঘটনার ভুল ব্যাখ্যার মাধ্যমে ছড়ানো একটি বিভ্রান্তিকর দাবি। ভিডিওটি ৫ আগস্টের কোনো ঘটনার নয়; বরং ২০২৪ সালের ১৬ আগস্ট রংপুর জেলা কারাগারে সংঘটিত একটি ঘটনার সময় ধারণ করা হয়েছিল এবং ভিডিওতে দেখা ব্যক্তি একজন কারারক্ষী।

তথ্যসূত্র (Sources & References)

আরও পড়ুন