সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যেখানে কয়েকজন ব্যক্তিকে নামাজরত মানুষের পেছনে বাঁশি ও ট্রাম্পেট সদৃশ বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়। ভিডিওটি বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ভিন্ন ভিন্ন ক্যাপশনে শেয়ার করা হয়েছে। কিছু পোস্টে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের পর বিজেপি কর্মীরা মসজিদে ঢুকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু পোস্টের স্ক্রিনশট
তবে অনুসন্ধানে এ দাবির সত্যতা পাওয়া যায়নি।
যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওটি ভারতের নয়, বরং এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার “গশ্চি শাহী দরবার শরিফ” এর একটি ভিডিও।
অনুসন্ধানে “গশ্চি শাহী দরবার শরিফ” নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটির মূল সূত্র পাওয়া যায়। সেখানে ভিডিওটি ২০২৫ সালের ১২ জুন প্রকাশ করা হয়েছিল। ভিডিওতে দেখা স্থান ও পরিবেশও দরবার শরিফের সঙ্গে মিল পাওয়া যায়।
এছাড়া সাম্প্রতিক সময়ে ভিডিওটি নতুন করে ভাইরাল হলেও, অনুসন্ধানে দেখা যায় একই ভিডিও প্রায় একই ধরনের ক্যাপশন ব্যবহার করে এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। অন্তত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি, ৪ ও ৬ এপ্রিল ২০২৬ তারিখেও ভিডিওটি বিভিন্ন বিভ্রান্তিকর দাবিসহ পোস্ট করা হয়েছিল।
অর্থাৎ, ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন কিংবা বিজেপি কর্মীদের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। পুরোনো একটি বাংলাদেশি ভিডিওকে ভিন্ন প্রেক্ষাপটে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কিছু স্থানে বিজেপি কর্মীদের বুলডোজার নিয়ে মিছিল এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুরের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সেই ঘটনাগুলোর সঙ্গে ভাইরাল এই ভিডিওটির কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
সুতরাং, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বিজেপি কর্মীরা মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের পেছনে ট্রাম্পেট বা গান বাজিয়েছে,এ দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ভিডিওটি ভারতের নয়, এটি বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের একটি দরবার শরিফের পুরোনো ভিডিও।