রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলকে পল্লবী থানা স্বেচ্ছাসেবকদলের কর্মী দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। প্রচারিত ছবিটি মূলত একটি ফেস্টুনের, যেখানে লেখা রয়েছে “আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে জনাব আমিনুল হককে এমপি হিসেবে দেখতে চাই”।
ফেস্টুনটির নিচের অংশে “সৌজন্যে” স্থানে রামিসা হত্যা মামলার আসামি সোহেলের ছবি ব্যবহার করা হয়েছে এবং তার পরিচিতি হিসেবে “পল্লবী থানা স্বেচ্ছাসেবকদল” উল্লেখ করা হয়েছে।
এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনায় আসামি সোহেলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, প্রচারিত ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে একটি পুরোনো উৎস খুঁজে পাওয়া যায়। “তফসিলের ৭২ ঘণ্টা পরও ঝুলছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন” শিরোনামে ঢাকা মেইল-এ প্রকাশিত একটি প্রতিবেদনে একই ফেস্টুনের ছবি পাওয়া যায়।
প্রতিবেদনটি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখিত ফেস্টুনটি ছিল বিএনপির ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার অংশ। মূল ছবির নিচের অংশে “সৌজন্যে” হিসেবে “মো. দুলাল দেওয়ান” এর নাম ছিল।
তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রতীয়মান হয়, পরবর্তীতে মূল ফেস্টুনটি ডিজিটালি সম্পাদনা করে সেখানে রামিসা হত্যা মামলার আসামি সোহেলের ছবি ও পরিচয় সংযোজন করা হয়েছে।
সুতরাং, আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল পল্লবী থানা স্বেচ্ছাসেবকদলের কর্মী, এমন দাবি সঠিক নয়। প্রচারিত ফেস্টুনটি সম্পাদিত (এডিটেড) এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।