বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ১৩ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জানাযার ছবি দাবিতে একাধিক ছবি প্রচার করা হচ্ছে।
তেমনি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাযার ছবি দাবিতে একাধিক পোস্টে প্রচার হতে দেখা যায়। ১৪ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী একাধিক ছবি সংবলিত একটি পোস্টে দাবি করেন, “বীর মুক্তিযোদ্ধা জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় নামাজে জানাযা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের উপস্থিতিতে জনাকীর্ণ ছিলো জানাযা ময়দান। শোকাহত পরিবেশে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের ঢলে প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন জনসমুদ্রে।”
একই ছবিটি ব্যবহার করে একই ধরনের দাবি সম্বলিত আরও কয়েকটি পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাযার নয়।
বিষয়টি যাচাই করতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করা হলে এর পুরোনো সূত্র পাওয়া যায়। অনুসন্ধানে দেখা যায়, ছবিটি চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাযার সময় ধারণ করা হয়েছিল। তিনি ১৫ ডিসেম্বর ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার জানাযার খবর প্রকাশের সময় বিভিন্ন গণমাধ্যমে একই ছবি ব্যবহৃত হয়েছিল।
অর্থাৎ, বহু বছর আগের একটি ঘটনার ছবি সাম্প্রতিক ঘটনার সঙ্গে যুক্ত করে নতুন দাবিতে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একাধিক নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং তাতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তবে তার জানাযার দাবিতে প্রচারিত আলোচিত ছবিটি প্রকৃতপক্ষে তার সঙ্গে সম্পর্কিত নয়।