কারিনা কায়সারের কবরের দাবিতে প্রচারিত সাপের ভিডিওটি পুরোনো

T

Team TTL

May 18, 2026 • 08:10 PM

কারিনা কায়সারের কবরের দাবিতে প্রচারিত সাপের ভিডিওটি পুরোনো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “কারিনা কায়সারের কবর খুঁড়তে বেরিয়ে এলো সাপ” দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ভিডিওতে একটি কবর সদৃশ গর্তের ভেতরে একটি সাপকে নড়াচড়া করতে দেখা যায়। একই দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 


উল্লেখ্য, গত ১৬ মে লিভারজনিত জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই ভিডিওটি নতুন দাবিতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কয়েকটি পোস্টের স্ক্রিনশট


তবে অনুসন্ধানে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে দেশের কোনো গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে “কারিনা কায়সারের কবর খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার” বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


ভিডিওটির উৎস শনাক্ত করতে কী-ফ্রেম বিশ্লেষণ করে অনুসন্ধান চালানো হলে এর পুরোনো সূত্র পাওয়া যায়। দেখা যায়, “الموصل تجمعنا” নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি ৮ মে ২০২৪ সালে আপলোড করা হয়েছিল। যদিও ওই পোস্টে ভিডিওটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।


এছাড়া রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে একই ভিডিওর স্ক্রিনশট ২০২৪ সালের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে পাওয়া যায়। তবে সেখানেও ভিডিওটির নির্দিষ্ট প্রেক্ষাপট বা ঘটনার কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি।


প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, কবর সদৃশ গর্তে সাপের ভিডিওটি কারিনা কায়সারের মৃত্যুর অনেক আগেই ইন্টারনেটে প্রচারিত হয়েছিল। অর্থাৎ ভিডিওটির সঙ্গে তার মৃত্যু বা কবরের কোনো সম্পর্ক নেই।


সুতরাং “কারিনা কায়সারের কবর খুঁড়তে বেরিয়ে এলো সাপ” দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং বিভ্রান্তিকর।